কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সেচ প্রকল্প দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কিম ম্যানেজার আনোয়ার মিয়া অষ্টগ্রাম থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, গত দুই বছর ধরে সরকারি অনুমোদন ও কৃষকদের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের উজান কান্দা সেচ প্রকল্পের স্কিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মৌসুমেও প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে উপজেলা সেচ কমিটির যাচাই-বাছাই শেষে তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর তিনি শ্রমিক নিয়োগ করে ড্রেন নির্মাণ ও সংস্কারকাজ শুরু করেন। এতে ব্যয় হয় প্রায় ৯০ হাজার টাকা।
অভিযুক্ত বিএনপি নেতা খালেক মিয়া বলেন, ‘গত বছর আমি ও আনোয়ার মিয়া একসঙ্গে স্কিমটি পরিচালনা করেছি। তাই এ বছরও যৌথভাবে করতে চাই। কিন্তু আনোয়ার একা করতে চাইছিল, তাই আমরা আমরা বলে দিয়েছি আমাদেরকে ছাড়া স্কিম পরিচালনা করতে দিব না। বিষয়টি উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলে দিয়েছেন।’
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ‘গত বছর যেহেতু দুজন মিলে স্কিম পরিচালনা করেছে, তাই সহকারী প্রকৌশলী বলেছেন—এ বছরও যেন তারা মিলেমিশে করে। আমিও একই কথা বলেছি। এর বাইরে কিছু জানি না।’
বিষয়টি জানতে চাইলে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মো. আছাদুল হক বলেন, ‘ঘটনার কথা প্রথম আপনার কাছ থেকেই শুনলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমীন বলেন, ‘লিখিত অভিযোগের বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই।’
