ছাত্রদল-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র চৌরঙ্গী

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের কর্মী হাওলাদার মোহাম্মদ আকাশ মোটরসাইকেলযোগে চৌরঙ্গি মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে এনসিপির একটি বিক্ষোভ মিছিল ওই এলাকায় পৌঁছালে মোটরসাইকেল সাইড নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আকাশকে মারধরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের নেতা-কর্মীরা জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ইসাহাক সরদার, সদস্য শফিকুর রহমান সাগর, আবিদ খান, কর্মী আরমান দরজি, নিরব তালুকদার, রাকিব তালুকদার, হাওলাদার মোহাম্মদ আকাশ, তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান নাঈম বেপারী, বিএনপির কর্মী মোহাম্মদ আলী এবং জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান নাঈম বেপারীর চোখে গুরুতর আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করে বলেন, ‘এনসিপির মিছিল থেকে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ছাত্রদল পরিচয় দেয়ার পরই পরিকল্পিতভাবে হামলা করা হয়, এতে আমাদের বেশ কয়েকজন আহত হন।’

অন্যদিকে জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে একটি ছেলে ঢুকে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

শরীয়তপুর সদর থানার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন,
‘মোটরসাইকেল নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email