পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডাকাতির আক্রমনে আহত নৈশ্য প্রহরী লাবু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ অক্টোবর)দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন তিনি।
নিহত লাবু দেবীগঞ্জ পৌর কামাতপাড়া এলাকার ভোলা মিস্ত্রির ছেলে।এদিকে ডাকাতির ঘটনায় করা মামলায় যৌথবাহিনীর অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।গত বুধবার দিবাগত রাতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।পরে তাদেরকে আদালতে প্রেরন করে দেবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন-দেবীগঞ্জ উপজেলা সদরের পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল বারী সোহেল, সাবেক ছাত্র লীগের সদস্য সাজু, শ্রমিক দলের জাকির হোসেন, সমির উদ্দীন, হৃদয় ওরফে বেলি।
প্রসঙ্গ গত ১৬ অক্টোবর রাতে দেবীগঞ্জের সাহাপাড়া এলাকার মেসার্স সাহা হাসকিং মিলে ডাকাতির ঘটনা ঘটে।ডাকাতির দিন আমিনুর রহমান ও লাবু ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। এতে গুরুতর আহত অবস্থায় লাবু ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ডাকাতির ঘটনায় মিলের স্বত্বাধিকারী নন্দন কুমার সাহা অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ৫ জনের মধ্যে একজন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।বাকী ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে আবেদন করা হবে।
