দিনাজপুরের বিরামপুরে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জোবায়ের সরকার (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ওসি (ডিবি) মো. আলমগীর ।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের সরকার বিরামপুর পৌরশহরের ঘাটপাড় (পুরাতন বাজার) এলাকার মো. এনামুল হকের ছেলে। তিনি বিরামপুর উপজেলা ছাত্রদলের একজন সদস্য বলে জানা গেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি দল অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুরাতন বাজার এলাকায় জনৈক আলমগীরের গোডাউনের সামনে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোবায়ের সরকার পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ১৫ পাতা ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
