রাকসু’র জিএস সালাউদ্দীন আম্মারকে রাজশাহী থেকে উৎখাতের হুমকি দিয়েছেন চারঘাট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান তিতু।
চারঘাট উপজেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় ছাত্রদল নেতা আরাফাত রহমান তিতু এ হুমকি দেন।
তিনি বলেন, ‘ছাত্রদল এখনও ধৈর্য ধরে আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলে কত বড় সাহস তার। আমরা চাইলে আধা ঘণ্টার মধ্যে রাজশাহী থেকে তাকে উৎখাত করে দিতে পারি।’
সভায় ছাত্রদল ছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
