যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুরে মহিলা জামায়াতের দশ বারো জন কর্মী নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ভোট চাইতে গ্রামে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে খবর পেয়ে যুব জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার ছবি ধারণ করতে গেলে বিএনপি কর্মীরা মুস্তাকিম হাসানের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়।
এ ঘটনায় শিবির কর্মী মুস্তাকিম হাসান ও বায়জিদ এবং যুব জামায়াত কর্মী জহিরুল ইসলাম আহত হন। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় ঝিকরগাছা বাজারে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
এ বিষয়ে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করলেও পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
