বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের দেওয়া সম্মানীর চেক বাউন্স হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।
শরিফ রুবেল নামে এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে দাবি করেন, গত ৮ জানুয়ারি ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও ভূমিকা রাখা মোট ১২০০ জনকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে আসলাম চৌধুরী উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন।
তবে পোস্টে অভিযোগ করা হয়, পরবর্তীতে সংশ্লিষ্টরা ব্যাংকে গিয়ে চেক জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক বাউন্স হয়। অভিযোগ অনুযায়ী, ১৬ জানুয়ারি ব্যাংকে অর্থ জমা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১৮ জানুয়ারি হিসাবটিতে মাত্র ২০ হাজার টাকা পাওয়া যায়। পরে ৩ ফেব্রুয়ারি টাকা জমা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেদিনও চেক বাউন্স হয় বলে দাবি করা হয়েছে। সর্বশেষ নির্ধারিত দিনে সকাল সাড়ে ১০টায় ব্যাংকে গিয়ে হিসাবটিতে ১৬ হাজার টাকা পাওয়া যায় বলে পোস্টে উল্লেখ করা হয়।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, ৮৪৪ জন জুলাই শহীদ, ১০২ জন সাংবাদিক এবং গুরুতর আহত ও অগ্রণী ভূমিকা রাখা আরও ২৫৪ জনসহ মোট ১২০০ ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
এ বিষয়ে আসলাম চৌধুরীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যাংক বা আয়োজক পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগ ছিল বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে নির্বাচন কমিশন তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে।
