জামায়াত সেক্রেটারির বক্তব্য দিয়ে ঢাবি ছাত্রদল নেতার ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

ছাত্রদল নেতা সায়মন ও শেয়ার করা ফটোকার্ডটি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে একটি বক্তব্য সংবলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে ক্যাপশন দেন ‘what? এটা কি আসলেই বলেছে?’। তার শেয়ার করা ফটোকার্ড
তবে দ্যা ঢাকা ডায়েরির অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডটিতে দাবি করা হয়, এটি গত ২ ফেব্রুয়ারি কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে এমন কোন ফটোকার্ড প্রকাশ করা হয়নি। সুতারাং বেসরকারি গণমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর লোগো ব্যবহার করে তৈরি করা এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন: এখানে
ভাইরাল হওয়া এই ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হয়েছে:
তারিখ ও প্রকাশনা: দাবি করা হয়েছে ফটোকার্ডটি ২ ফেব্রুয়ারি প্রকাশিত। কিন্তু কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, ২ ফেব্রুয়ারি জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ তারা প্রকাশ করেনি।
ফন্ট ও ডিজাইন: মূল কালের কণ্ঠের ফটোকার্ডের সাথে ভাইরাল হওয়া কার্ডটির ফন্ট স্টাইল, সাইজ এবং ডিজাইনের কোনো মিল নেই। এটি স্পষ্টত এডিট করে তৈরি করা হয়েছে।
ছবির উৎস: ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। অনুসন্ধানে দেখা গেছে, ওই ছবিটি মূলত ২০২৫ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর আয়োজিত একটি সমাবেশের। সেই পুরনো ছবি ব্যবহার করেই এই বিভ্রান্তিকর কার্ডটি তৈরি করা হয়েছে।
২৮ অক্টোবর ২০২৫ সালে জামায়াতের সমাবেশের ছবি
বক্তব্যের সত্যতা: জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে যে বক্তব্যটি ফটোকার্ডে প্রচার করা হচ্ছে, তা দেশের মূলধারার কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
উপরিউক্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত যে, কালের কণ্ঠের লোগো ব্যবহার করে জামায়াত সেক্রেটারির নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট। ছাত্রদল নেতার ছড়িয়ে দেওয়া এই তথ্যের কোনো ভিত্তি নেই।
Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email