কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশন বন্ধের হুমকি দিয়ে চাঁদা দাবি এবং মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত বিল্লাল হোসেন শ্রাবণ উপজেলার পুমদী ইউনিয়নে রামপুর মোড়লবাড়ী এলাকার হেলাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন শ্রাবণ তার সহযোগীদের নিয়ে ফিলিং স্টেশনের মালিকের কাছে চাঁদা দাবি করতে থাকেন। বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গত ৫ ফেব্রুয়ারি সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধের হুমকি দিয়ে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তেলের পাম্প বন্ধ করে দেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন। এছাড়াও একই দিন রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিল্লাল হোসেন শ্রাবণ তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফিলিং স্টেশনের মালিককে ফোন করে গালিগালাজ ও চাঁদা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে পিস্তল দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শাফায়াতুল হাসান সম্রাট জানান, আমাদের উপজেলা যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি এখন তাদের সাথে কতজন রাজনীতি করে এবং কে কি করে তার দায় তো দলের না।
ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
