কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি

সাতক্ষীরার তালা উপজেলায় হিরন্ময় মন্ডল (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তাঁর ছয় বছর বয়সী কন্যা নাতাশা মন্ডল হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর–গাছা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা-মেয়েকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

হিরন্ময় মন্ডল মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক এবং উপজেলার মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলাকারী খলিষখালী ইউনিয়নের টিকিরামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২)। তিনি যুবদল কর্মী বলেও জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষক জানান, মেয়ের পাসপোর্ট সংক্রান্ত কাজে সকালে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশে রওনা হলে পথিমধ্যে সজীব তাঁর মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। পরে আরেকটি মোটরসাইকেলে ধাওয়া করে মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় আঘাত করে। কৃষ্ণনগর–গাছা ব্রিজের কাছে তাঁকে আটকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি জানার পর খলিষখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, কলেজ শিক্ষক ও তাঁর শিশুকন্যার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলের ওপর হামলার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email