নড়াইল সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩৩) নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। তিনি নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারএর নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসান স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক।

ভুক্তভোগী আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।

রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওলি মিয়া বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email