জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়ার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। রাতে ঝালকাঠি-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বহিষ্কারের সিদ্ধান্তটি জানান।রফিকুল ইসলাম জামাল বলেন, অভিযুক্ত নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ দলের নাম ব্যবহার করে হামলা, চাঁদাবাজি বা কোনো ধরনের অপকর্মে জড়ালে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মিজানুর রহমান কালাম বলেন, ‘শুক্রবার কারণ দর্শানোর নোটিস পেয়েছি। জবাবের জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল। শুনেছি রাতেই আমাকে বহিষ্কার করা হয়েছে। জবাবেরর সময় পর্যন্ত দেওয়া হয়নি। তবে এখন পর্যন্ত বহিষ্কারাদেশের চিঠি পাইনি।’
