হামলা, লুট ও প্রতারণা মামলায় লক্ষ্মীপুরে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

হামলা, লুট ও প্রতারণা মামলায় পৃথক চারটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উত্তর চরবংশীর বাড়ি থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের জেলা আদালতে তোলা হয়েছে বলে রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।

ওসি শাহীন মিয়া বলেন, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলাও রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।

হামলা, লুট ও প্রতারণা মামলায় দুজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email