বরিশালের উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে এক শিক্ষককে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে। মারধরের শিকার উত্তম কুমার উপজেলার হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।
জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক উত্তম কুমারের ঘনিষ্ঠতার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।
মারধরের শিকার শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা জানা নেই।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
