বাধার মুখে জমি দখলে ব্যর্থ বহিষ্কৃত বিএনপি নেতা

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি খাস জমিতে স্থাপনা নির্মাণচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুজ্জামান হাবলু মোল্লার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে হাবলু মোল্লা লোকজন নিয়ে উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া বাজারের কাছে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জেলা পরিষদের ওই জমি দখলের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বড়গাংদিয়া বাজারের পাশে জেলা পরিষদের প্রায় ১৬ কাঠা খাস জমি রয়েছে। জমিটি এলাকাবাসী বাজার হিসেবে ব্যবহার করেন। দূরদূরান্ত থেকে ওই বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ভ্যান-সাইকেলও রাখেন। ওই জমির মালিকানা দাবি করে দখলের উদ্দেশ্যে শুক্রবার সকালে সার্ভেয়ার নিয়ে যায় নুরুজ্জামান হাবলু মোল্লার লোকজন।
এ সময় বাজার কমিটির সভাপতি বাদশাসহ এলাকাবাসী বাধা দেন। খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে নুরুজ্জামান হাবলু মোল্লার বক্তব্য জানা যায়নি। বড়গাংদিয়া বাজার কমিটির সভাপতি বাদশা আলী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের স্বার্থে জমিটি ব্যবহৃত হয়ে আসছে। জনগণের স্বার্থ উপেক্ষা করে নুরুজ্জামান হাবলু মোল্লা ওই জমি দখল করে বিল্ডিং করার পাঁয়তারা করছেন। বিল্ডিং নির্মাণ হলে এখানে আর বাজার বসার জায়গা থাকবে না। তাই এলাকাবাসী বাধা দিয়েছেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘জেলা পরিষদের একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আমরা সেখানে গিয়ে পরিস্থিত স্বাভাবিক করি। জেলা পরিষদ ওই জমিটি ১৬ জনের নামে বরাদ্দ দিয়েছে বলে শুনেছি। সেখানে শুক্রবার মাপতে গেলে এই ঘটনা ঘটে।’

ইউএনও অনিন্দ্য গুহ বলেন, জমিটি জেলা পরিষদের। তবে কার কার নামে তা বরাদ্দ হয়েছে, এটি নথি দেখে বলতে হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email