২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের বন্দরের একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতাসহ ৬ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন, মদনপুর ফুলহর এলাকার এস এম মোমেন (৫০), মো. শফিউল্লাহ (৪০), এস এম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), দ্বিপ হোসেন (২৮), আরাফাত (১৮) ও সুজন (১৯)। তাদের মধ্যে এস এম মোমেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক।

মামলার বাদী মিতু আক্তার বলেন, বিবাদীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সেজে এলাকার নিরীহ মানুষদের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অন্যথায় আমাকে হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

এ বিষয়ে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই।

এ ব্যাপারে বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, চাঁদা দাবির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email