জুয়া খেলার সময় স্থানীয় বিএনপি নেতাসহ ছয় জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন করমোল্লাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রবিবার রাত ১২টার দিকে উপজেলার মানকোন করমোল্লাপুর এলাকার সাজ্জাদ মিয়ার বাগানবাড়িতে পৌঁছালে জুয়ারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ছয়জনকে আটক করা হয়।
তারা হলেন, শফিকুল ইসলাম শফিক (৪৫), সুরুজ আলী (৪০), রফিকুল ইসলাম (২৭), শাহজাহান (৫০), সফুর উদ্দিন (৩৫) ও হাবিবুর রহমান (৪৫)। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের মধ্যে শফিকুল ইসলাম শফিক মানকোন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট এবং নগদ ৮৩০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, বিএনপির দলীয় পরিচয়ে দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম শফিক ও তার ছোট ভাই মনিরুল ইসলামের ফিশারির ঘরে জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। এর আগে স্থানীয় যুবকেরা তাকে এ বিষয়ে সতর্কও করেছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন বলেন, শফিক বিএনপি করেন কিনা এই মুহূর্তে মনে নেই।
তবে যদি কোনো কমিটিতে থাকেন, তাহলে দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হবে। দলের পরিচয় দিয়ে কেউ মাফ পাবে না।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জুলুস খান জানান, আটকরা জিজ্ঞাসাবাদে নিজেদের পেশাদার জুয়া খেলোয়াড় বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
