গত ১৪ ফেব্রুয়ারি “কাঁঠের কেল্লা” নামে একটি ফেসবুক পেজ থেকে কাঁধে ব্যান্ডেজ পরা এক ব্যক্তির ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় “রাজারহাট উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আলী আহম্মদের ওপর জামায়াত কর্মীদের অতর্কিত হামলা।”
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, হামলার শিকার হওয়া ব্যক্তিকে বিএনপি নেতা দাবি করা তথ্যটি সঠিক নয়।
প্রকৃতপক্ষে আহত ব্যক্তি রাজারহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী।
রিভার্স ইমেজ সার্চ করে, ১৩ ফেব্রুয়ারি “কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম” শিরোনামে স্টার নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে ভোট দেওয়া নিয়ে ব্যক্তিগত বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে। অ্যাডভোকেট আহম্মদ আলীর চাচা শ্বশুর মোখলেসুর রহমানের সাথে স্থানীয় আ: মান্নান ওরফে রোকনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রোকন ও তার লোকজন মোখলেসুর রহমানকে মারধর করলে আহম্মদ আলী তাকে উদ্ধার করতে যান। সে সময় রোকন পেছন থেকে ধান কাটার কাঁচি দিয়ে আহম্মদ আলীকে এলোপাতাড়ি কোপালে তিনি গুরুতর আহত হন।
একই তারিখে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ছবি দিয়ে পোস্টের ক্যাপশনে লেখা হয়, “রাজারহাট উপজেলা জামায়াত সেক্রেটারি এ্যাডভোকেট আহমদ আলীর উপর বিএনপি কর্মীদের অতর্কিত হামলা।বিএনপির উচিত দলীয় সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা।”
অর্থাৎ ভুক্তভোগী ব্যক্তি উপজেলা জামায়াতের সেক্রেটারি। কুড়িগ্রামের রাজারহাটে আক্রমণের শিকার হওয়া জামায়াত নেতাকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রচার করা হচ্ছে যা সত্য নয়।
