দুপুর আড়াইটা থেকে কড়া রোদে খোলা আকাশের নিচে বসে ছিলেন প্রায় দুই শতাধিক কার্ডধারী মানুষ। হাতে ইফতার ও সাহরি সামগ্রীর কার্ড, চোখে প্রত্যাশা। চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজারে বিএনপি নেতাদের উপস্থিতিতে শুরু হওয়া বিতরণ কর্মসূচি শেষ পর্যন্ত পরিণত হয় চরম ভোগান্তির ঘটনায়। প্রধান অতিথি হিসেবে মেয়র ডা. শাহাদাত হোসেন উদ্বোধন ও ফটোসেশন শেষ করে অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পরই সামগ্রী বিতরণ বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বহু কার্ডধারী মানুষ খালি হাতেই বাড়ি ফেরেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালামিয়া বাজারে ‘মরহুম ইসমাইল স্মৃতি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল স্থানীয় ওয়ার্ড যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তবে ওয়ার্ড বা থানা বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটা থেকে খোলা আকাশের নিচে কড়া রোদে দুই শতাধিককে মানুষকে বসিয়ে রাখা হয়। পরে প্রধান অতিথি হিসেবে মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ফটোসেশনের জন্য ৪০ থেকে ৫০ জনের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সামগ্রী পাওয়া একজন জানান, একটি কালো পলিথিন ব্যাগে ২ কেজি চাল, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম চিড়া দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বক্তব্য শেষ করে ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই সামগ্রী বিতরণ বন্ধ করে দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে থাকা কার্ডধারী বহু অসহায় মানুষ শেষ পর্যন্ত কোনো কিছু না পেয়েই ফিরে যান।
সামগ্রী নিতে যাওয়া এক ব্যক্তি বলেন, সারাদিন রোজা রেখে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। ডাক্তার সাহেব (মেয়র) ছবি তুলে চলে যাওয়ার পর জানানো হয়, মালামাল শেষ।
স্থানীয়রা অভিযোগ করেন, গত বছরও একই ধরনের আয়োজন করে কার্ড বিতরণের পর অনেককে সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
