সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর যুবদলের হামলা, আটক ২

হামলার সিসিটিভি ফুটেজ

সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে জেলার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিম।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। সেই মানববন্ধন থেকে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন যুবদল নেতাকর্মীরা।

সাংবাদিকরা আরও জানান, একপর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। মারতে মারতে ক্লাব থেকে বাইরে বের করে আনে।

হামলার শিকার শ্যামনগর প্রেসক্লাব সভাপতি সামিউল মনির জানান, গেল ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-জামায়াত যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল বালুখেকো এই চক্রটি।

হামলার বিষয়ে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর বলেন, মানববন্ধন চলাকালে ওই সাংবাদিক গালিগালাজ করছিল। তখন নেতাকর্মীরা গিয়ে একটু মারধর করেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির জানান, মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email