ওয়ারেন্টভুক্ত আসামি বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলোক শিখা দেলোয়ারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার নিয়মিত ওয়ারেন্টভুক্ত আসামি। ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’-এর চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০-২৫ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ ঘটনায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্তরা। অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে।

ভুক্তভোগীরা দ্রুত তাদের অর্থ উদ্ধার এবং দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email