ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি অধিগ্রহণকৃত জমি দখল করে একাধিক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. ইউনুস মোল্যা নামে প্রভাবশালী এক বিএনপি নেতার বিরুদ্ধে। জমি দখলকারী ইউনুস মোল্যা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই ওয়ার্ডের বাস্তপুটি গ্রামের বাসিন্দা।
এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি নগরকান্দার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমি দখল করে একাধিক দোকানঘর নির্মাণকাজ শুরু করেছেন বিএনপি নেতা ইউনুস মোল্যা। মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি জমি দখলবাজি শুরু করেছেন বিএনপি নেতা ইউনুস।
এ বিষয়ে বিএনপি নেতা ইউনুস মোল্যা বলেন, দখল শুধু আমি একা করিনি, আমার মতো আরো অনেকে করেছে। দলীয় লোকজনের সঙ্গে পরামর্শ করেই দোকান তুলেছি। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি।
যেহেতু এটি সরকারি জায়গা, সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে, এতে আমার আপত্তি নেই।
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, সরকারি জমিতে দোকানঘর নির্মাণের বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
