দোয়ারাবাজারে যুবদল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় একটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামারগাঁও এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই কালভার্টটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কালভার্টের মুখ বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

স্থানীয়দের দাবি, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য ও শ্যামারগাঁও গ্রামের বাসিন্দা আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা বাড়ি নির্মাণ করছেন। এতে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলেও সমস্যা দেখা দিতে পারে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাংলাবাজার–নরসিংপুর সড়কের পাশে শ্যামারগাঁও গ্রামের মাঝামাঝি স্থানে কৃষি সেচ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রায় ৪০ ফুটের একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেখানে বাড়ি নির্মাণ কাজ শুরু হওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন শ্যামারগাঁও গ্রামের আসরাফ আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, আজাদ আলী, জালাল হোসেন প্রমুখ। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের সদস্য অভিযুক্ত আমির উদ্দিন ও তার সহযোগীরা। তাদের দাবি, জায়গাটি তাদের পৈত্রিক সূত্রে পাওয়া রেকর্ডভুক্ত জমি এবং সেখানে বাড়ি নির্মাণে কালভার্টের পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন— উভয় পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি সরেজমিনে দেখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছিল। তবে এ বিষয়ে আদালতে মামলা থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেয়ার সুযোগ সীমিত।

এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান এবং কালভার্টের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email