মাগুরায় আহত যুবদল নেতার মৃত্যু, অভিযুক্ত বিএনপি নেতার বাড়িতে আগুন

মসজিদের আদায়কৃত টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে বিরোধের জেরে হামলায় আহত যুবদল নেতা মুন্সী মিরান হোসেন (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বিএনপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান। এর আগে ছয়দিন চিকিৎসারত অবস্থায়স হাসপাতালে ছিলেন তিনি।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে উত্তোলিত টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ মার্চ রাতে যুবদল নেতা মুন্সী মিরান হোসেনের সঙ্গে মসজিদ কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের বাগবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় জামিরুল ইসলামের সমর্থকরা মিরান হোসেনকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর এলাকায় ছড়ালে উত্তেজিত স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত জামিরুল ইসলামের নাকোল গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

মিরান মুন্সীর মৃত্যুর খবরে রাত ৯টার দিকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মাগুরা শহরে বিক্ষোভ মিছিল ও মাগুরা সদর থানার সামনে প্রতিবাদ সভা করে। সেখানে তারা মিরান হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email