রাস্তার গাইডওয়াল ভেঙে ইট-খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাস্তার স্লোপে নির্মাণকৃত গাইডওয়াল ভেঙে ইট ও খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ছবি: যুগান্তর

কুড়িগ্রামের রাজিবপুরে রাস্তার স্লোপে নির্মাণকৃত গাইডওয়াল ভেঙে ইট ও খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) উপজেলার চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ উন্নয়ন খাত (থোকবরাদ্দ) কর্মসূচির অর্থে নির্মাণকৃত গাইডওয়াল থেকে ইট খুলে নিয়ে যান হাবিবুর রহমান হবি। তিনি চর শৌলমারী ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন খাত (থোকবরাদ্দ) কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের বরাদ্দকৃত ৩ লাখ টাকা ব্যয়ে চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়ে ৪ মাস আগে গাইডওয়ালটি নির্মাণ করা হয়।  প্রকল্পের বরাদ্দের টাকা প্রথম কিস্তি উত্তোলন করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তি উত্তোলন করা হয়নি।  প্রকল্পের সভাপতি হলেন চর শৌলমারী ইউপি সদস্য সমসের আলী মাদার।

অভিযোগে আরও জানা যায়,  বিএনপির প্রভাব ও ক্ষমতার দাপট খাটিয়ে গাইডওয়ালের ইট ও খুঁটি ভেঙে তিনি নিজ বাড়িতে নিয়ে যান।  এ নিয়ে স্থানীয়রা বাধা দিলে হবি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।

এ বিষয়ে হবি বলেন, আমার জমিতে মাটি ভরাট করে বিল্ডিং নির্মাণ করব। গাইডওয়াল ভেঙে ফেলা হয়েছে এবং ইট ও খুঁটি আমার বাড়িতে রাখা হয়েছে।

রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ বলেন, তার (যুবদল নেতা হাবিবুর রহমান হবি) বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তরাপরেও বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. সহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি।  খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

রৌমারী উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন বলেন, বিষয়টি আমি জানি না।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email