ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার বিকালে হরিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে লিখিত পরীক্ষা হয়। পরে নিরীক্ষকরা ভাইভা নেওয়া শুরু করেন।
“পরক্ষণেই বিএনপি সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন। মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, “নিয়োগ পরীক্ষায় ৩০ লক্ষ টাকার লেনদেনের একটা বিষয় নিয়ে ইউএনও সাহেবকে অবগত করতে গেছিলাম। এসময় ইউএনও আমাদের কথা আমলে না নিলে আমাদের ছেলেরা কাগজপত্র নিয়ে চলে আসে। পরবর্তী আবারো সেগুলো দিয়ে আসা হয়েছে।”
মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিছন্নতা কর্মী পদে ৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।
“পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাচ্ছি।”
