বিএনপি নেতার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, ১ লাখ টাকা জরিমানা

অভিযানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ

সাভারে বিএনপি নেতা ও তার ভাইয়ের বাড়িতে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর ইউনিয়নের কলমা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

অভিযুক্ত গোলাম মোস্তফা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ কর্তৃপক্ষ জানায়, আইন না মেনে গোলাম মোস্তফা ও তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে বাসাবাড়ি এবং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে আবারও অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলেন তারা।

অভিযানকালে আরশাদ আলীর বাড়ির ভেতরে পাকা পানির ট্যাংকির মধ্যে লুকানো অবৈধ একটি রাইজার পাওয়া যায়। পরে রাইজারটি জব্দসহ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় আরশাদ আলী পালিয়ে থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেন এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইলে যুগান্তরকে বলেন, আমি বর্তমানে ওমরাহ পালনে বিদেশে থাকায় বিস্তারিত জানাতে পারছি না। তবে শুনেছি আমার ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব বিষয় আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email