কলমাকান্দার ছাত্রদল নেতাকে বহিষ্কারের নেপথ্যে…

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার কলমাকান্দায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা নাজমুল ইসলাম কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সংগঠনটি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাজমুল ইসলামের ব্যক্তিগত অপকর্মের দায় কোনোভাবেই সংগঠন বহন করবে না। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহ আগে লেঙ্গুরার বটতলা বাজারে স্থানীয় ইউপি সদস্য হোসেন আলীর একটি ঘর দখলের চেষ্টা চালানো হয় নাজমুলের নেতৃত্বে। তবে স্থানীয়দের প্রতিবাদে তারা পিছু হটে।

এ ঘটনার জেরে গত সোমবার নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন মিলে ইউপি সদস্য হোসেন আলীর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বটতলা বাজারে স্থানীয় লোকজন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিক্ষোভ মিছিল করেন।

তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল ইসলাম বলেন, তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ইউপি সদস্যকে কুপিয়েছেন নাসির নামে স্থানীয় এক ব্যক্তি বলে দাবি করেন তিনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email