মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপকর্মের অভিযোগ, বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে নানা অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন ওই ছাত্রদল নেতা। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হালিমা বেগম অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে ১৭ লাখ টাকা নেন ইয়াছিন আরাফাত। কিন্তু এখন পর্যন্ত জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে তাকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, কামাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম জানান, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধেই থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ইয়াছিন আরাফাতের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, গ্রামবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৭ মার্চ মুরাদনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ইয়াছিন আরাফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন ইয়াছিন আরাফাত। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ মিথ্যা।

স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম, বিএনপি নেতা খলিলুর রহমান, মাহবুব আলম, নাছির উদ্দীন নয়ন, কামাল উদ্দিন, কামাল্লা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, কামাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email