চকরিয়া খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপি কর্মীদের হামলায় আহত মেধাবী ছাত্র মোঃ আকিবকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে গেছেন জামায়াত নেতৃবৃন্দ।
বুধবার ১৮ মার্চ কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ ফারুক হাসপাতালে গিয়ে আহত আকিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির এবং কক্সবাজার শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আমীন।
জানা যায়, হামলায় গুরুতর আহত আকিব বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় গুরুতর আঘাত লেগে ৯টি সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “একজন মেধাবী ছাত্রের ওপর বিনা কারণে এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি বলেন, নির্বাচনের পরের দিন উত্তর হারবাং এর জামায়াত কর্মী গিয়াস উদ্দিনকে কুপিয়ে আহত করেছে বিএনপি কর্মীরা। নেতৃবৃন্দ আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনে যারা আত্মত্যাগ করেছে, সেই ছাত্রদের ওপর হামলার বিচার না হলে অতীতের ফ্যাসিবাদী রাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো পার্থক্য থাকবে না।”
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আশা প্রকাশ করেন, অপরাধীরা কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় পাবে না।
