বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাচুরের ঘটনায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার–সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক। তাঁর বাড়ি শহরের খারদ্বার এলাকায়।

ঈদের আগের দিন ২০ মার্চ সন্ধ্যার আগে শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন থেকে বাগেরহাট শহরের দুটি তেল পাম্প বন্ধ আছে। গতকাল বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ওই ঘটনার প্রতিবাদে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’–সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়।

হামলা ও ভাঙচুরের ঘটনায় পাম্পের অন্যতম মালিক মুর্শিদ কুলি খান বাদী হয়ে গতকাল চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার সুমন পাইক ওই মামলার এক নম্বর আসামি।

এজাহারে উল্লেখ করা হয়, তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে একেকটি মোটরসাইকেলকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। গত ২০ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাম্পে তেল দেওয়ার সময় আসামিরা ফিলিং স্টেশনে ঢুকে নিয়ম ভেঙে বেশি টাকার তেল দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। নিষেধ করা হলে সুমন পাইকের নির্দেশে আসামিরা মারধর ও ভাঙচুর করেন। তাঁরা কর্মচারীদের কাছে থাকা তেল বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খান জাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email