ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক, অতঃপর…

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার সদস্যকে পদ দেওয়া কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেষপর্যন্ত সমালোচনার মুখে তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পূর্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি ছিল। সম্প্রতি সেটিকে সম্প্রসারণ করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তিনি বলেন, কমিটি ঘোষণার আগে রেদোয়ান ইসলাম তার বায়োডাটায় নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন।

তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন। এ তথ্য গোপন করার অভিযোগে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পরিচয়ের স্বাধীনতার সঙ্গে যুক্ত করে দেখছেন, আবার অনেকে তথ্য গোপনের বিষয়টিকেই মূল সমস্যা হিসেবে উল্লেখ করছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email