রাজধানীর দক্ষিণখানে স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রিতে বাধা দেয়ায় যুবদল নেতা রাসেল সরকারসহ তিনজনকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তসহ ৯ জনের নাম উল্লেখ করে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহারসূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণখানের আমবাগিচা এলাকায় স্যুয়ারেজ লাইনের কাজ চলাকালে সরকারি প্রকল্পের অতিরিক্ত মাটি জোরপূর্বক বিক্রি করছিলেন ছাত্রদল নেতা শান্ত। ভুক্তভোগী দক্ষিণখান থানা যুবদল নেতা রাসেল সরকার সামনের একটি রাস্তায় চলাচলের সুবিধার জন্য কিছু মাটি সেখানে ফেলার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় খরচ দেয়ার প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে শান্ত ও তার সহযোগীরা রাসেল ও তার সাথিদের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে রাসেলসহ তিন নেতার মাথা ফাটিয়ে দেয়া হয়।
এ ঘটনায় গত রোববার সকালে রাসেল সরকার বাদি হয়ে আল আমিন হোসেন শান্তকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আরো ৯ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। হামলার পর অভিযুক্তদের বিচারের দাবিতে দক্ষিণখান থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা।
অভিযুক্ত আল আমিন হোসেন শান্তর বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ৯ মার্চ বিমানবন্দর এলাকার একটি তেলের পাম্পের কর্মীদের মারধর করে প্রায় ৯০ হাজার টাকা লুটের ঘটনায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় তিনি এতদিন পলাতক ছিলেন বলে জানা গেছে। দক্ষিণখান থানার ওসি মো: শরিফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সড়কের মাটি নিয়ে বিরোধের জেরে শনিবার দুপুরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে রাসেলসহ যুবদলের তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
