সম্প্রতি বিবি সাওদা ওরফে সুমি নামে এক মহিলা জামায়াতে ইসলামীর কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ফেসবুকে দাবি করা হচ্ছে, বিবি সাওদা ওরফে সুমিকে ঢাকার যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। মূলত, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাওদা সুমিকে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে আরটিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গতকাল সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনটিতে ভোলা জেলা জামায়াতের আয়োজিত এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে বলা হয়, রোববার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।
একই তথ্য দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪।
দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালের দেওয়া এক বিবৃতির সূত্রে বলা হয়, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও এই তথ্য জানা যায়।
এ ছাড়া বিবি সওদাকে আদালতে সোপর্দ করার জন্য ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেওয়া আবেদনের একটি ছবি ফেসবুকে খুঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। এই আবেদনেও সওদাকে ভোলার আদর্শ একাডেমী রোড, পৌর ০৬ নং ওয়ার্ডের জমজম টাওয়ারের বাসা থেকে গ্রেফতারের তথ্য উল্লেখ আছে। এই আবেদনে ভোলা জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এস আই জুয়েল হোসেন খানের নাম ও ফোন নাম্বার রয়েছে। এই সূত্রে পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবেদনটির সত্যতা নিশ্চিত করেছেন।
এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, বিবি সাওদা ওরফে সুমিকে ঢাকার যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতারের দাবিটি সঠিক নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে আংশিক মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।


