সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগে তালহা আহমেদ অভি (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তালহা আহমেদ অভি সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তালহার বিরুদ্ধে। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা দাবি করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাকে চাঁদাবাজির সময় আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, ‘তালহা দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তার বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে।’
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত চৌধুরী বলেন, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তালহা আহমেদ অভিকে আটক করে পুলিশে দিয়েছে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
