ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপি সমর্থক দুই গ্রুপের সংঘর্ষ -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল বেলা সাড়ে ১১টায় শিমরাইল মোড়ে এ সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযানে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০-১৫ জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আবদুল কাদিরের অনুসারী জিহাদ ও রবিনসহ ১০-১২ জনের একটি দলের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, মাইক্রোবাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email