বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনের দুই প্রতিনিধিকে ইউনিয়ন পরিষদের সভা চলাকালে বের করে দিয়েছেন বিএনপির নেতারা।
মঙ্গলবার বিকালে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বণ্টন নিয়ে এ সভা চলছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি জানান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন আমরুল ইউনিয়নের প্রতিনিধি হিসেবে তাকে (সানি) ও মহিলা দল নেত্রী সাবেক ইউপি সদস্য নিলুফার ইয়াসমিনকে দায়িত্ব দেন। গত মঙ্গলবার বিকালে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের নিয়ে সভায় বসেন। এ সময় আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা দলবল নিয়ে তাদের (এমপির প্রতিনিধি) মিটিং থেকে বের করে দেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।
তিনি আরও বলেন, এমপি তাদের প্রতিনিধি করায় ক্ষোভের বশবর্তী হয়ে লাঞ্ছিত করেন। বিষয়টি এমপি মোরশেদ মিল্টনকে অবহিত করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, গত সংসদ নির্বাচনে এমপির ভোট থেকে শুরু করে সব দায়িত্ব ইউনিয়ন বিএনপি পালন করেছে। প্রত্যেক ইউনিয়নের দায়িত্ব ইউনিয়ন বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকরাই পেয়েছেন; কিন্তু এই ইউনিয়নে শাজাহানপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি এমপির প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন। এতেও আপত্তি নেই; কিন্তু ঘটনার দিন বয়স্ক ও বিধবা ভাতার কার্ড ভাগবাটোয়ারা করতে পরিষদে গেছেন সানি ও তার লোকজন। আর ভাগবাটোয়ারার বিষয়ে দলীয় আলোচনা হবে দলীয় অফিসে। তা না করে ইউনিয়ন পরিষদে কেন? বিষয়টি তাকে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বললে তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে এর প্রতিবাদ করেন। এরপর ঘটনাস্থল থেকে চলে আসেন। পরে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে নাকি হট্টগোল হয়েছে। তবে সেখানে মারামারি বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবরুদ্ধের কোনো ঘটনা ঘটেনি।
আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন বলেন, মূলত বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় এ ঘটনা ঘটেছে। ওই সময় তিনি রোষানলের শিকার হয়েছেন। ঘটনার সময় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পরে পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে উপস্থিত বগুড়ার শাজাহানপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, হট্টগোলের খবর শোনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইপক্ষকে শান্ত করা হয়েছে।
