উজিরপুরে বিএনপি নেতাকে মারধরের মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের আলোচিত ও বিতর্কিত প্যানেল চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের হারতা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম তালুকদার (৪৫) ও তার সহযোগী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদেস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে উপজেলার হারতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় বিএনপির কয়েকজন সিনিয়র নেতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসাইন বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ কয়েকজন সিনিয়র নেতার ওপর অতর্কিত হামলা করেন সেচ্ছাসেবক দলের নেতা সাইফুল তার সহযোগী সিরাজসহ ৫/৬ জনের একদল সন্ত্রাসীরা। এ ঘটনায় হামলার সিকার তরিকুল ইসলাম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ভোররাতে সাইফুল ইসলাম তালুকদার ও তার সহযোগী সিরাজকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গভীর নলকূপ স্থাপন, সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ এবং সংখ্যালঘু পরিবারের জমিতে বালু ভরাটের মতো বিভিন্ন কাজে মোটা অঙ্কের অর্থ দাবি তার বিরুদ্ধে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও ও ভিডিও নিয়েও এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email