কুষ্টিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। ছবি: চ্যানেল 24

কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে অবৈধ বালুঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হন। এ সময় ফরিদ হোসেন নামে একজনকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হরিপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গড়াই নদীর পাড়ে অবৈধ বালুঘাট দখল নিয়ে হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল ও যুবদল নেতা শিপন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত দুজন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, ঘটনার পর শিপন গ্রুপের সদস্য ফরিদ হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ সময় ফরিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, হরিপুরে দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email