যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চাঁদা দাবি করা সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহজাহান কবিরাজ।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ উত্তর চরবংশী গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় শাহজাহানের অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শাহজাহান কবিরাজের ভাষ্যমতে, তার ক্রয় করা ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছেন। এখন জাকির, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করেন। চাঁদা না পেলে তারা মালিকদের জমি দখলে নিতে দেন না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করেন।

জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এ নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাব? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।

হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমিসংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেননি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email