বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে কৃষক দল নেতার বিরুদ্ধে মামলা

নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের ওপর হামলা ও স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকেলে উপজেলার গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবরচাঁপা মোড়ে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন নিয়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করে আসছিলো সুজাউল ইসলাম।

ওই ঘর ব্যবহার নিয়ে রোববার দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে সুজাউল ইসলামের লোকজনের মারামারি শুরু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। কিন্তু তার ওপর চড়াও হন সুজাউল ইসলাম এবং হাতে থাকা স্ক্রু-ড্রাইভার দিয়ে তাকে আঘাত করেন। এতে গিটারের বুকের ডান পাশে গভীর ক্ষত হয়। গিটারকে রক্ষা করতে গিয়ে শাহীন নামে এক যুবকও আহত হন।এই পরিস্থিতিতে স্থানীয়রা সুজাউলকে মারধর করলে তিনিও আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সুজাউলকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মাদুদ রানা সবুজ বলেন, সুজাউল ইসলাম জোরপূর্বক ওই ঘরটি দখল করে দোকান করার চেষ্টা করছিলেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email