কিশোরগঞ্জের অষ্টগ্রামে ‘বিল মাকসা’ জলমহালের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বিল মাকসা জলমহালটি ইজারার জন্য দরপত্র আহ্বান করে প্রশাসন। পরে টেন্ডার প্রক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন অংশ নেন। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে এস এম শাহীন এগিয়ে থাকায় জলমহালটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তার অনুসারীদের দিয়ে জলমহালটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবরে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে জলমহালটি কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
