ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের বরাদ্দের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিনাউটি ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ও সদস্য রাসেল খান জানান, উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ আসে। ১০০ দিনের বরাদ্দ এই প্রকল্পে ১২৫ শ্রমিক নিয়মিত কাজ করার কথা উল্লেখ রয়েছে। এই প্রকল্পে তদারকির দায়িত্ব পালন করবেন ৭ সুপারভাইজার। বুধবার (৭ অক্টোবর) দুপুরে এই বরাদ্দকৃত প্রকল্পের বিষয়ে আলোচনা করতে পরিষদে যান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং বিনাউটি উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, বিনাউটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সুমন চৌধুরীসহ দলীয় অন্য নেতাকর্মীরা। পরিষদ হলরুমে আলোচনা শেষে বেরিয়ে যান পরিষদের বাইরে। পরিষদের বাইরে এসে তর্কে জড়ান উন্নয়ন কমিটির নেতাকর্মীরা।
এ সময় উপজেলার তিনলাখপীর এলাকার একটি ছেলে তাদের নিজেদের তর্কাতর্কির ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণকারী ছেলেটিকে ভিডিও ডিলিট করতে চাপ প্রয়োগ করেন। ভিডিও ধারণকারী ছেলের প্রতি নেতাকর্মীদের উত্তেজিত আচরণ দেখতে পান তিনলাখপীর এলাকার বাবু নামে এক সিএনজিচালক। তিনি বিষয়টি এলাকায় জানান। পরবর্তীতে ওই ভিডিও ধারণকারীর স্বজনরা আসেন। তখন এই বিষয়টিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিনাউটি ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন মুঠোফোনে বলেন, বিনাউটি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কার্যক্রম নিয়ে পরিষদে আলোচনা শেষ করে পরিষদ থেকে বেরিয়ে আসার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের ভাগ্নে উজ্জল তার লোকজন নিয়ে আমাদের লোকজনের ওপর আতর্কিত আক্রমণ করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, উন্নয়ন কমিটির নামে কিছু কমিটি বানানো হয়েছে। এসব কমিটির লোকজন বিভিন্ন সময়ে পরিষদের কার্যক্রমে ও বরাদ্দে হস্তক্ষেপ করেন। তেমনি বুধবার দুপুরে বিনাউটি ইউনিয়ন পরিষদে আসা ইজিপিপি প্রকল্পের ভাগাভাগি নিয়ে পরিষদের বাইরে এসে ঝগড়া লেগে যান। এ সময় তাদের হাতাহাতির ভিডিও একটি ছেলে ধারণ করলে তাকে আক্রমণ করেন। এসব বিষয় নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বুধবার দুপুরের দিকে বিনাউটি ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
