দলীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভক্ত চলে আসছিল। এর মধ্যে একপক্ষের নেতৃত্বে রয়েছেন, কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। অন্যপক্ষের নেতৃত্বে মনোনয়নবঞ্চিত সাবেক এমপি প্রয়াত কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পদ আবুল কালামের সমর্থকরা দলের কোনও কর্মসূচি না থাকায় তাদেরকে বাধা দেয়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা-৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থনকারীরা রোববার সন্ধ্যায় বিএনপি স্থানীয় কার্যালয় লাকসামে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লাকসাম উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ডা. নুরু উল্লাহ রায়হান বলেন, আজ আমাদের কোথাও কোনও প্রোগ্রাম ছিল না। আর আমরা যেহেতু মনোনয়ন পেয়েছি, তাহলে আমরা কেন বিশৃঙ্খলা তৈরি করব। আমরা তো এলাকায় শান্তি চাই। যারা এই কাজ করেছে বা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে প্রশাসন তদন্ত করে খুঁজে বের করবে এটা আমাদেরও দাবি। এখন উল্টো দোলা গ্রুপের লোকজন আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। বেশ কয়েকজনকে আহত করেছে। পোস্টার ফেস্টুনও ছিঁড়ছে। এদিকে এ আসনের বিএনপি মনোনয়নবঞ্চিত সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, ছনগাঁও আমাদের একটি মহিলা সমাবেশ ছিল। সেটি করতে দেবে না বলে প্রতিপক্ষের লোকজনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও আমার নেতাকর্মীদের কথা বিবেচনা করে আমি যাই। তখনি আমাদের উপর হামলা করা হয়। সেখানে আমিসহ আমার নেতাকর্মী আহত হয়েছে। যারা এ কাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না। দোলার অনুসারী জসিম উদ্দিন বলেন, আমার মাথা ফেটে গেছে। অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে দোলা আজিমের ওপর হামলার খবরে লাকসাম মনোহরগঞ্জের দু’উপজেলায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
