ফুল দেয়া নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয়স্তম্ভে ফুল দেয়া কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের একজনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৪ জন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিজয় স্তম্ভে প্রথমে ফুল দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা গ্রুপ। এরপরে বহিষ্কৃত সভাপতি শাহিন শিকদারের লোকজন ফুল দিতে গেলে মোস্তফা গ্রুপের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে সকাল ১০টার দিকে শাহিন শিকদারের পক্ষের লোকজন দলীয় কার্যালয়ের সামনে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৯ জন নেতাকর্মী আহত হন। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তাল লাগিয়ে দেয়।

কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মোতায়েন আছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email