মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে শরিফুল ইসলাম (৩৬)নামে এক যুবককে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম বেরইল পলিতা বাজারে সঞ্জিবনের সেলুনে বসে ছিলেন। এমন সময় ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার বিএনপি নেতা রাজা গাজীর সমর্থকরা সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে গুরুতর জখম হয়। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার রাজা গাজী এবং সাবেক মেম্বার আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে ২০০৮ সালে সাবেক মেম্বার আকবর হোসেনের সমর্থকেরা রাজা গাজী মেম্বারের লোকজনের উপর সশস্ত্র হামলা চালায়। তারই জের ধরে এই হামলার ঘটনা।
