ভেড়ামারায় বালু মহাল নিয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধ, দফায় দফায় গুলি বর্ষণ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর কার্যালয়ের সামনে দফায় দফায় গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামে এক চা দোকানি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয় বিএনপির উজ্জ্বল ও গিয়াস মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে উজ্জ্বল গ্রুপের দোকান ভাঙচুর ও ট্রাকে অগ্নিসংযোগ এবং গুলি বর্ষণের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে এই বিরোধ মেটানোর জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। রাত ৯টার আগেই উজ্জ্বল গ্রুপের লোকজন ওই কার্যালয়ে আসেন। তারা গিয়াস মুন্সির লোকজনের আসার অপেক্ষায় ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন মুখোশ ও হেলমেট ধারী এসে ওই অফিস লক্ষ্য করে কমপক্ষে ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া কয়েকটি ককটেলও ছোড়া হয়। এতে স্থানীয় চায়ের দোকানদার শুকুর আলী আহত হন।

এ সময় বিএনপির ওই কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তোহিদুল ইসলাম আলম মালিথা উপস্থিত ছিলেন। তিনি অবিলম্বে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দুর্বৃত্তরা যে দলেরই হোক তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে বলে জানান, আলম মালিথা।

ভেড়ামারা থানার ওসি জাহিদুর রহমান জানান, গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email